প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ২৫ :

বিয়ের সামর্থ্যহীন ব্যক্তি গুনাহে জড়ানোর সম্ভাবনা হলে করনীয় কী?

উত্তর প্রদান করেছেন:

উস্তাযুল হাদিস শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 26/03/2025

বিয়ের সামর্থ্যহীন ব্যক্তি গুনাহে জড়ানোর সম্ভাবনা হলে করনীয় কী?

উত্তর

বিবাহের সম্বলহীন প্রিয় যুবক ভাইকে সুরা নুরের ৩৩ নাম্বার আয়াত সামনে রেখে আমার প্রথম নাসিহা হচ্ছে, আল্লাহকে ভয় করুন এবং সামর্থ্যবান হওয়া পর্যন্ত ধৈর্য ও সংযমতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা বলেন- وَ لۡیَسۡتَعۡفِفِ الَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ نِكَاحًا حَتّٰی یُغۡنِیَهُمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖ “যাদের বিয়ের সম্বল নেই তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন।” -সুরা নুর:৩৩

প্রিয় ভাইয়ের জন্য দ্বিতীয় নাসিহা হচ্ছে, বেশি করে নফল রোযা পালন করুন। তার নিয়ম হলো- সাপ্তাহে বৃহস্পতি ও সমবার রোযা রাখুন। আরবি মাসের হিসেবে ১৩, ১৪, ১৫ তারিখে সিয়াম পালন করুন। চাইলে একদিন পর একদিন রোযা রাখতে পারেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ “হে যুবকের দল! তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। এবং যে সামর্থ্য রাখে না, সে যেন রোযা পালন করে। কেননা, রোযা যৌন ক্ষমতাকে অবদমন করবে।” – সাহিহ বুখারি : ৫০৬৫

আমার তৃতীয় নাসিহা হচ্ছে, আল্লাহকে ভয় করুন। গুনাহের আসবাব ও চোখের খিয়ানত থেকে দূরে থাকুন। নারী সংস্রব পরিহার করুন। পাঁচ ওয়াক্ত নামাযের পাবন্দ হোন। দীনী পরিবেশে থাকার চেষ্টা করুন। বিয়ের জন্য দুআ ও সম্বল অর্জনের চেষ্টা করুন, আল্লাহ সহজ করবেন। তিরমিযি শারিফের হাদিসে আছে যে, আল্লাহ তিন ব্যক্তিকে অবশ্যয় সহায়তা করবেন। তার মাঝে একজন হচ্ছে “বিবাহে আগ্রহী লোক- যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়”। -তিরমিযি : ১৬৫৫

আল্লাহ প্রশ্নকারী ভাই ও তার মতো যারা আছেন, সবাইকে তাকওয়ার জীবন দান করুন ও বিবাহের আসবাব সহজ করুন। আমীন।

Scroll to Top