প্রবন্ধ

সঠিক আকিদা ও মানহাযের ওপর জীবন পরিচালনা করার পদ্ধতি

প্রকাশকাল: 12/03/2025

সঠিক আকিদা ও মানহাযের ওপর জীবন পরিচালনা করার পদ্ধতি

হাদিসে আছে যে, লোকেরা দ্বীনের বিষয়ে প্রচুর পরিমাণে মতভিন্নতা ও ইখাতিলাফে লিপ্ত হবে । এটা যেমন বলা হয়েছে, তেমনি ইখতিলাফের সময় সঠিক পথে থাকার জন্য করণীয় কী, তাও বলে দেয়া হয়েছে। তা হল, কুরআন-সুন্নাহর (খুলাফায়ে রাশেদার সুন্নাহসহ) অনুসরণ করা । এর দ্বারাই কেবল একজন মুসলিম সঠিক পথে থাকতে পারবে এবং পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে পারবে। নিচের দু’টি হাদিস লক্ষ করুন!

صلى بنا رسول الله-صلى الله عليه وسلم – ذات يوم، ثم أقبل علينا، فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب، فقال قائل: يا رسول الله! كان هذه موعظة مودع، فماذا تعهد إلينا؟ قال: “أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبدا حبشيا، فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء، المهديين الراشدين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة

একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে নামায আদায় করলেন। তারপর আমাদের অভিমুখী হয়ে এমন সারগর্ভ বক্তৃতা করলেন, যার কারণে আমাদের চক্ষু অশ্রুসজল ও অন্তর বিগলিত হয়ে গেল। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ! এই উপদেশ তো বিদায়ী ব্যক্তির উপদেশ মনে হচ্ছে। আমাদের প্রতি আপনার বিশেষ কি নির্দেশনা আছে বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ তায়ালাকে ভয় করার এবং আমীরদের অনুসরণের অসিয়ত করছি, যদিও আমীর হাবশী গোলাম হয়।

কারণ, আমার অবর্তমানে তোমাদের যারা বেঁচে থাকবে, অচিরেই তারা প্রচুর মতভিন্নতা দেখতে পাবে। তখন তোমাদের দায়িত্ব হবে, আমার সুন্নাহ ও হেদায়াতপ্রাপ্ত খলীফাদের সুন্নাহকে আঁকড়ে ধরা। তোমরা তা মজবুত ও দৃঢ়ভাবে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। আর নব উদ্ভাবিত বিষয়সমূহ থেকে বিরত থাকবে। কারণ, প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়ই বিদআত। আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। -সুনানে আবু দাউদ : ৪৬০৭

হাদিসটিতে ভবিষ্যতে ইখতিলাফ হবে এটা যেমন বলা হয়েছে, তেমনি ইখতিলাফের সময় সঠিক পথে থাকার জন্য করণীয় কী, তাও বলে দেয়া হয়েছে। তা হল, সুন্নাহর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও তাঁর পরবর্তী হেদায়াতপ্রাপ্ত খলীফাদের সুন্নাহ।

পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার উপায় বর্ণনায় অপর একটি হাদীসে এসেছে-

أن رسول الله صلى الله عليه وسلم قال: تركت فيكم أمرين، لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মধ্যে দু’টি বিষয় রেখে গেলাম, যতদিন বিষয় দু’টি ধরে রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দু’টি বিষয় হল, আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাহ। -মুয়াত্তা মালেক : ৩

সাধারণ মানুষ যেহেতু কুরআন-সু্ন্নাহর ইলম সরাসরি ইলমের নির্ভরযোগ্য উৎসগ্রন্থ থেকে অর্জন করতে অপারগ, সেজন্য তারা কোন যোগ্য আলেমের শরণাপন্ন হতে হবে যিনি শরীয়াহ সম্পর্কে বিজ্ঞ হবেন এবং ন্যূনতম এতটুকু তাকওয়ার অধিকারী হবেন যে, দুনিয়ার ভয় কিংবা লোভে তিনি কোনো মুসলিমকে বাতিল পথ দেখাবেন না এবং সত্য গোপন করবেন না। এমন আলেমদের শরণাপন্ন হয়ে নিজের প্রয়োজনীয় ইলম শিখে নিতে হবে এবং শিখতে থাকতে হবে।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক আকিদা ও মানহাযের ওপর জীবন পরিচালনা করার তাওফীক দান করুন। আমীন।

Scroll to Top