প্রবন্ধ

সবসময় হতে থাকা গুনাহ থেকে বাঁচার কিছু উপায়!

প্রকাশকাল: 13/03/2025

সবসময় হতে থাকা গুনাহ থেকে বাঁচার কিছু উপায়!

১। দৈনিক কিছু সময় মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে নির্জনে চিন্তা করার চেষ্টা করুন

গুনাহ ছাড়ার জন্য অনেক বড় একটি কার্যকরী ঔষধ হচ্ছে মৃত্যুর চিন্তা। কল্পনা করুন, আপনি এই মুহূর্তে মৃত্যুবরণ করলে, কবরে আপনার সঙ্গে কী আচরণ হতে পারে? এই আমল নিয়ে আপনি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হবেন? এভাবে কিছু সময় একটা একটা করে ভাবতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ يَعْنِي الْمَوْتَ সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর। -সুনানে তিরমিযি ২৩০৭أَ

২। নামায সুন্দর করার এবং নামাযে দিলকে আল্লাহমুখী রাখার প্রতি বিশেষ গুরত্বারোপ করুন

আপনার নামায যেই পরিমাণ সুন্দর ও উন্নত হবে, এই ফায়দা আপনি ঠিক সেই পরিমাণ বেশি পাবেন। আমলটি সহজ করার জন্য আপাতত আপনি শুধু পাঁচ ওয়াক্তের ফরজ নামাযতগুলো দিয়ে শুরু করতে পারেন। আল্লাহ তায়ালা বলেছেন, إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ নিশ্চয়ই সালাত, অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। – সূরা আনকাবূত ৪৫

৩। সম্ভব হলে তাহাজ্জুদের আমল করার চেষ্টা করুন

নফসকে পদদলিত করে ঠিক করার ক্ষেত্রে তাহাজ্জুদের ভূমিকা অপরিসীম। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا নিশ্চয়ই (ইবাদতের জন্য) রাত্রিজাগরণ প্রবৃত্তি দলনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অধিক অনুকূল -সূরা মুযযাম্মিল: ৬

৪। অলস সময় নষ্ট না করে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন

প্রয়োজনে দ্বীনি লেকচার শুনুন। ইসলামিক বই অধ্যয়ন করুন। অলস সময় মানুষকে গুনাহে লিপ্ত করার ষড়যন্ত্র শয়তান ভালো করেই কাজে লাগায়। আর মুমিন অনর্থক বিষয়ে লিপ্ত হয়ে সময় নষ্ট করতে পারেনা। আল্লাহ তাআলা বলেন, وَ الَّذِیۡنَ هُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ আর (সফল মুমিন তো তারা) যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ থাকে। – সূরা মুমিনুন ৩

৫। অর্থ চিন্তা করে করে নিম্নোক্ত দোয়াগুলো বেশি করে পড়ুন

اللَّهُمَ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ

হে আল্লাহ! আপনি আমাদের কাছে ঈমানকে প্রিয় বানিয়ে দিন। আমাদের অন্তরে তা সুসজ্জিত করে দিন। কুফর, ফিসক ও নাফরমানিকে আমাদের কাছে ঘৃণিত বানিয়ে দিন। আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।

اللّهُمَّ اجْعَلْنِي أَخْشاكَ كَأَنِّي أَراكَ وَأسْعِدْنِي بِتَقْواكَ وَلاتُشْقِنِي بِمَعْصِيَتِكَ

হে আল্লাহ! আপনি আমাকে এমন আল্লাহ ভীরু বানিয়ে দিন, যেন আমি আপনাকে দেখছি। তাকওয়া (আপনার ভয়) দ্বারা আমাকে সৌভাগ্যবান করুন। আপনার নাফরমানি দ্বারা আমাকে দুর্ভাগা বানাবেন না।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلَاقِ، وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ

হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই মন্দ আখলাক, আমল ও খাহেশ থেকে।

Scroll to Top