সাদকাতুল ফিতর বিষয়ক হাদীসগুলো সামনে রাখলে মোট পাঁচ প্রকার খাদ্যের উল্লেখ পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিসমিস ও গম। তার মাঝে প্রথম চারটি দিয়ে ফিতরা আদায় করলে প্রায় ৩ কেজি ২৭২ গ্রাম বা তার মূল্য পরিশোধ করতে হবে। আর শেষেরটা অর্থাৎ গম দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে প্রায় ১ কেজি ৬৩৬ গ্রাম বা তার মূল্য প্রাদান করতে হবে।
ইসলামি শারিয়াহ ৫টি খাদ্যের তালিকা প্রকাশ করেছে, যেন মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যেকোনো ১টি দ্বারা ফিতরা আদায় করতে পারে। তার মানে হচ্ছে, আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ সম্পদ দান করেছেন সে সেই মানের খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে। যে ব্যক্তি উন্নতমানের মাবরুম খেজুরের হিসাবে ফিতরা আদায় করার সামর্থ্য রাখে সে তা দিয়েই করবে। যার সাধ্য আছে পনিরের হিসেবে সে তা-ই গ্রহণ করবে। যে আরেকটু কম সম্পদের মালিক সে কিসমিস দিয়ে ফিতরা আদায় করবে। আর যে উল্লেখিত জিনিসগুলোর হিসেবে ফিতরা আদায়ে অপারগ সে গম দিয়ে জিম্মাদারি আদায় করতে পারে।
বড়ই আফসোস! আমাদের দেশের সব শ্রেণীর লোক বছর বছর ধরে শুধু গমের হিসেবে ফিতরা আদায় করে আসছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকলেই ফিতরা দিচ্ছে একই হিসাবে। মনে হয় সকলে ভুলেই গেছেন যে, গম হচ্ছে ফিতরা আদায় যোগ্য ৫টি দ্রব্যের সর্বনিম্ন মূল্যের একটা জিনিস। আরও চারটা দ্রব্য আছে যেগুলোর হিসাবে ফিতরা আদায় করা দরকার। তাতে খরচ বেশি হলেও ইসলামি শারিয়াহর তাকাযা এটা।
সাহাবা যুগের একটা চিত্র আপনাদের সামনে পেশ করছি, যার দ্বারা সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আমাদের ও সাহাবা যামানার পার্থক্যটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ্।
হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন,
كنا نخرج زكاة الفطر صاعًا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب
আমরা এক সা‘ পরিমাণ (প্রায় ৩ কেজি ২৭২ গ্রাম) খাদ্য অথবা এক সা‘ পরিমাণ যব অথবা এক সা‘ পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা‘ পরিমাণ কিসমিস দিয়ে সদাকাতুল ফিতর আদায় করতাম। – সহিহ বুখারি: ১৫০৬
সম্পদের মালিকানায় পরিমাণ অনুপাতে সাদকাতুল ফিতর আদায় করা উচিৎ। যেমন-
- মাবরুম খেজুরের মূল্য প্রতি কেজি প্রায় ১৫০০/-টাকা হলে একজনের সাদকাতুল ফিতর দাঁড়ায় ৪৯০৮/-চার হাজার নয় শত আট টাকা।
- পনির প্রতি কেজি প্রায় ১০০০/- টাকা করে ধরা হলে একজনের সাদকাতুল ফিতর দাঁড়ায় ৩২৫৬/- তিন হাজার দুই শত ছাপ্পান্ন টাকা।
- কিসমিস প্রতি কেজি প্রায় ৬০০ /- টাকা করে হলে একজনের সাদকাতুল ফিতর দাঁড়ায় ১৯৬৪/- উনিশ শত চৌষট্টি টাকা।
- মধ্যম ধরনের খেজুর যার মূল্য প্রতি কেজি প্রায় ৫০০/-টাকা হলে একজনের ফিতরা দাঁড়ায় ১৬৩৬/-ষোল শত ত্রিশ টাকা।
- গম প্রতি কেজি প্রায় ৭০/- টাকা হিসাবে ধরা হলে একজনের সাদকাতুল ফিতর দাঁড়ায় ১১৪/-একশত চৌদ্দ টাকা।
আল্লাহ আমাদের সহিহ সমঝ দান করুন এবং যার যেই পরিমাণ সামর্থ্য আছে সেই মূল্যবান দ্রব্যের হিসেবে সাদকাতুল ফিতর আদায় করার তাওফিক দিন। আমীন।