মুমূর্ষু অবস্থায় কোনো ব্যক্তি সম্পূর্ণ অচেতন থাকলে এবং তাঁর অচেতনতা এমনভাবে দীর্ঘস্থায়ী হয় যে, ছয় ওয়াক্ত নামাযের সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই নামাযগুলো তাঁর দায়িত্ব থেকে মাফ হয়ে যাবে। আর যদি তিনি স্বজ্ঞানে থাকেন এবং দাঁড়িয়ে, বসে কিংবা শুয়ে মাথার ইশারায় নামায আদায় করতে সক্ষম হন, তাহলে সাধ্যানুযায়ী তাঁকে নামায আদায় করতে হবে।
এভাবে নামায আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নামায আদায় না করে মৃত্যুবরণ করলে, তাঁর ছুটে যাওয়া প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য একটি করে ফিদইয়া আদায় করতে হবে। পক্ষান্তরে, তিনি যদি মাথার ইশারায়ও নামায আদায় করতে সক্ষম না হন এবং এ অক্ষমতা ছয় ওয়াক্ত পর্যন্ত স্থায়ী হয়, তাহলে ওই নামাযগুলো তাঁর দায়িত্ব থেকে মাফ হয়ে যাবে এবং সেগুলোর জন্য কোনো ফিদইয়া আদায় করতে হবে না।
ফিদইয়া যেভাবে আদায় করতে হবে
মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি তাঁর অনাদায়ী নামাযের ফিদইয়া আদায়ের ওসিয়ত করে যান, তাহলে তাঁর ত্যাজ্য সম্পদ থেকে কাফন-দাফনের ব্যয় ও অনাদায়ী ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ থেকে ফিদইয়া আদায় করতে হবে। প্রতিদিনের জন্য বিতরসহ মোট ছয় ওয়াক্ত নামাযের ফিদইয়া হিসাব করা হবে।
প্রতি ওয়াক্ত নামাযের ফিদইয়া হিসেবে পৌনে দুই সের গম বা আটা অথবা তার বাজারমূল্য কোনো গরিব-মিসকিনকে মালিক করে দিতে হবে। অথবা প্রতি ওয়াক্ত নামাযের পরিবর্তে একজন গরিবকে দুই বেলা তৃপ্তিসহকারে খাবার খাওয়াতে হবে।
আর যদি মুমূর্ষু ব্যক্তি ফিদইয়া প্রদানের ওসিয়ত না করে যান, তাহলে তাঁর ওয়ারিশদের ওপর তাঁর অনাদায়ী নামাযের ফিদইয়া আদায় করা আবশ্যক নয়। তবে ওয়ারিশরা স্বেচ্ছায় তাঁর পক্ষ থেকে ফিদইয়া আদায় করে দিলে তা সওয়াবের কাজ। কেননা, মাইয়্যেতের রেখে যাওয়া সম্পদ ওয়ারিশরা ভোগ করবে; তাই মাইয়্যেতের অনাদায়ী নামাযের ব্যাপারে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা তাদের জন্য উত্তম ও প্রশংসনীয়।
الفتاوى الهندية، دار الكتب العلمية، جـ ١، صـ ٠ ٥ ١ : إذا عجز المريض عن القيام صلى قاعداً يركع ويسجد كذا في الهداية،… إن زاد عجزه على يوم وليلة لا يلزمه القضاء وإن كان دون ذلك يلزمه كما في الإغماء وهو الأصح هكذا في فتاوى قاضيخان، والفتوى عليه كذا في الظهيرية، وإن مات من ذلك المرض لا شيء عليه ولا يلزمه فدية كذا في المحيط… وإذا عجز المريض عن الإيماء بالرأس في ظاهر الرواية يسقط عنه فرض الصلاة ولا يعتبر الإيماء بالعينين والحاجبين
الفتاوى الهندية، دار الكتب العلمية، جـ ١، صـ ٨ ٣ ١ : إذا مات الرجل وعليه صلوات فائتة فأوصى بأن تعطى كفارة صلواته يعطي لكل صلاة نصف صاع من بر وللموتر نصف صاع ولصوم يوم نصف صاع من ثلث ماله، وإن لم يترك مالاً يستقرض ورثته نصف صاع ويدفع إلى مسكين ثم يتصدق المسكين على بعض ورثته ثم يتصدق ثم وثم حتى يتم لكل صلاة ما ذكرنا كذا في الخلاصة، وفي فتاوى الحجة وإن لم يوص لورثته وتبرع بعض الورثة يجوز ويدفع عن كل صلاة